ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনার তাণ্ডবের মধ্যেই ভোট শুরু পশ্চিমবঙ্গে

প্রাণঘাতী করোনা ভাইরাসে টালমাটাল গোটা ভারত। এশিয়ার এই দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড-১৯ সংক্রমণ। লাখ লাখ মানুষের সংক্রমিতের পাশাপাশি প্রতিদিন সহস্রাধিক মানুষ মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে প্রাণঘাতী ভাইরাসটির দাপট। এমন বাস্তবতার পরও রাজ্যটিতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চার জেলায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ষষ্ঠ দফার ভোট শুরু হয়। এদিন উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩টি আসনে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ।


ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনের সবগুলোতে ভোট হচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলা- উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭টি, নদিয়ার ১৭টির মধ্যে নয়টি এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে আটটি আসনে চলছে ভোটগ্রহণ।


উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার আসনে ভোট হচ্ছে আজ। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ও হাবড়া আসনে ভোট হচ্ছে।


পূর্ব বর্ধমানের গলসি, আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার আসনে ভোটগ্রহণ চলছে। এছাড়াও নদিয়া করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে ভোটগ্রহণ হচ্ছে।


এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট আট দফায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পাঁচ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, আগামী ২ মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑